News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক
Image

দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণরূপে পুড়ে যায় দেবাশিস মজুমদারের বসতবাড়ি, একটি চারচাকা গাড়ি এবং একটি মোটরসাইকেল সহ রাবার সিট। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে দমকল বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ঘরে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে বাড়ির মালিক দেবাশিস মজুমদার দ্রুত সাব্রুম অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। তবে অভিযোগ, খবর পাওয়ার পরও দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। অথচ ঘটনাস্থল থেকে সাব্রুম দমকল অফিসের দূরত্ব ৫০০ মিটারেরও কম।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, দমকল বাহিনী দ্রুত পৌঁছাতে পারলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো এবং এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো যেত। পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে দমকলের আগুন নেভানোর সরঞ্জামের ত্রুটি। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা গাড়ি থেকে যে জলের পাইপ ব্যবহার করেন, তা ফেটে যায়। এর কিছুক্ষণের মধ্যেই দমকলের গাড়িতে থাকা জলও শেষ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে মনুবাজার থেকে আরও একটি দমকল ইঞ্জিন আনা হয়। দুই দফায় প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশই পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির একটি ঘরে প্রচুর পরিমাণে রাবার মজুত ছিল। সেই ঘরেই প্রথম আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। পরে দ্রুত আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেল ও একটি চারচাকা গাড়িও আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকার বাসিন্দারা নিজেদের ঘর থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নিতে শুরু করেন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে সময়মতো দমকল না পৌঁছানো এবং সরঞ্জামের ত্রুটির অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top