কুয়েত সিটি, ৮ জুন (আইএএনএস): ভারত ও কুয়েতের মধ্যে সহযোগিতা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ফারওয়ানিয়া গভর্নরেটের গভর্নর শেখ আথবি নাসের আল-আথবি আল-সাবাহর সঙ্গে বৈঠক করলেন কুয়েতে ভারতের রাষ্ট্রদূত পরমিতা ত্রিপাঠী।
সোমবার কুয়েতে ভারতীয় দূতাবাসের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কুয়েতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা, কল্যাণ ও সুস্থতা নিয়েও আলোচনা হয়।
দূতাবাস এক্স-এ জানায়, “রাষ্ট্রদূত পরমিতা ত্রিপাঠী ফারওয়ানিয়া গভর্নরেটের গভর্নর শেখ আথবি নাসের আল-আথবি আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে ভারত-কুয়েত সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, গভর্নর কুয়েতের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভারতীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ত্রিপাঠী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণে গভর্নরের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ‘এক পেড় মা কে নাম’ অভিযান এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
এর আগে পরমিতা ত্রিপাঠী কুয়েতের ক্যাপিটাল গভর্নরেটের গভর্নর শেখ আবদুল্লাহ সালেম আল-আলি আল-সাবাহ-র সঙ্গেও বৈঠক করেন। সেখানে ভারত-কুয়েত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক এবং কুয়েতে ভারতীয়দের কল্যাণ নিয়ে আলোচনা হয়।
গত ৬ জুন কুয়েতের ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী তারেক আল-জালাহমা-র সঙ্গেও বৈঠক করেন ভারতীয় রাষ্ট্রদূত। বৈঠকে ক্রীড়া ও যুব বিনিময় কর্মসূচিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
দূতাবাসের মতে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র কুয়েত সফরের সময় স্বাক্ষরিত ক্রীড়া সহযোগিতা সংক্রান্ত নির্বাহী কর্মসূচির বাস্তবায়ন, প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং যুব উদ্যোগ নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।
এছাড়া ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কুয়েতে যৌথভাবে কর্মসূচি আয়োজনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহ-র মধ্যে টেলিফোনে কথা হয়। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।
সেই সময় প্রধানমন্ত্রী মোদি কুয়েতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনও হামলার নিন্দা জানিয়ে কুয়েতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুবরাজকে ধন্যবাদ জানান।



















