আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে সোমবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৩টি ভিলেজ কমিটির জন্য তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আয়োজিত এই মিছিল মান্দাই এলাকায় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মিছিল শেষে নির্ধারিত প্রক্রিয়ায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
তিপ্রা মথার নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় গ্রামীণ স্তরে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হয়েছে। কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার থাকলেও দীর্ঘ সময় ধরে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে দাবি দলের।
ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে তিপ্রা মথার প্রতিষ্ঠাতা ‘বুবাগ্রা’ প্রদ্যোত কিশোর দেববর্মার নেতৃত্বে দীর্ঘ আইনি লড়াইয়ের প্রসঙ্গও এদিন তুলে ধরেন দলীয় নেতৃত্ব। তাঁদের দাবি, ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই চলে। দীর্ঘ শুনানির পর আদালতের নির্দেশের ফলেই প্রায় ১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
মান্দাই ব্লকের অধীনে মোট ২৬টি ভিলেজ কমিটি রয়েছে। এর মধ্যে ২৩টি ভিলেজ কমিটি থেকে তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন মান্দাইয়ের এমডিসি জিতেন দেববর্মা, বিধায়িকা স্বপ্না দেববর্মা-সহ তিপ্রা মথার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।
এদিন ভিলেজ কমিটি নির্বাচন, দলীয় প্রতিষ্ঠাতা বুবাগ্রার দীর্ঘ আইনি লড়াই এবং প্রার্থীদের মনোনয়ন দাখিল নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানান উপস্থিত দলীয় নেতৃত্ব। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচন তৃণমূল স্তরে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

















