বল্লারি (কর্নাটক), ৭ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা সোমবার সপ্তম দিনে প্রবেশ করেছে। দলের রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর নেতৃত্বাধীন এই পদযাত্রায় ব্যাপক জনসমর্থন মিলছে বলে দাবি করেছে বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভেরই প্রতিফলন এই জনসমর্থন বলে দাবি করেছেন বিজয়েন্দ্র।
কামপ্লি থেকে স্লোগান ও গান সহযোগে সোমবার ফের পদযাত্রা শুরু হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতারা।
পদযাত্রাকে ‘জনতার পদযাত্রা’ হিসেবে উল্লেখ করে বিজয়েন্দ্র বলেন, পথে সাধারণ মানুষের বিপুল সাড়া কর্নাটক সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনঅসন্তোষের স্পষ্ট ইঙ্গিত। তাঁর অভিযোগ, “এই পদযাত্রায় মানুষের ঢল দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে জনরোষের সতর্কবার্তা।”
তিনি বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থনেই ‘বল্লারি চলো’ আন্দোলন সফলভাবে এগিয়ে চলেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে কৃষক, মহিলা ও প্রবীণ নাগরিকরা পথে দাঁড়িয়ে পদযাত্রাকে সমর্থন জানানোয় তাঁদের ধন্যবাদ জানান তিনি।
বিজয়েন্দ্রর দাবি, প্রত্যাশার তুলনায় মানুষের অভূতপূর্ব সাড়া প্রমাণ করছে যে কল্যাণ কর্ণাটকের উন্নয়নের দাবিতে এই পদযাত্রা প্রকৃত অর্থেই জনতার কণ্ঠস্বর হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, পদযাত্রায় মানুষের সাড়া দেখে রাজ্য সরকার উদ্বিগ্ন এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতে হিমশিম খাচ্ছে।
তিনি আরও বলেন, কৃষক ও শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার পূরণ না হওয়া পর্যন্ত বিজেপির আন্দোলন চলবে। “মানুষের আশীর্বাদ এই জনআন্দোলনকে শক্তি দিচ্ছে। দুর্নীতিগ্রস্ত সরকারকে জনরোষের কাছে মাথা নত করে কৃষক ও শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। তা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না,” বলেন তিনি।
চলতি মাসের শুরুতে শুরু হওয়া এই পদযাত্রার মাধ্যমে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষকদের সমস্যা এবং কল্যাণ কর্ণাটকের উন্নয়নের মতো বিষয়গুলিকে সামনে রাখা হয়েছে।
সোমবারের পদযাত্রায় প্রাক্তন মন্ত্রী বি শ্রীরামুলু ও সি টি রবি, বিধায়ক ধীরজ মুনিরাজ ও শ্রীবৎস, প্রাক্তন সাংসদ প্রতাপ সিমহা এবং প্রাক্তন বিধায়ক রাজু গৌড়া ও সুরেশ বাবু-সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা অংশ নেন। কামপ্লি থেকে বল্লারির দিকে পদযাত্রা এগিয়ে যাওয়ার সময় বিপুল সংখ্যক দলীয় কর্মী, পদাধিকারী ও সমর্থক তাতে যোগ দেন।
(আইএএনএস)



















