ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে ফের বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনা। সোমবার চুরাচাঁদপুর জেলার দক্ষিণ থানজিং এলাকার জঙ্গলে প্রায় ১০ কেজি ওজনের একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
ভারতীয় সেনার স্পিয়ার কর্পস তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের অধীনস্থ একটি বাহিনী দক্ষিণ থানজিংয়ের জঙ্গল এলাকায় তল্লাশি চালায়। সেখানেই প্রায় ১০ কেজি ওজনের আইইডিটির সন্ধান মেলে। পরে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো ব্যবস্থা নেওয়ার ফলে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর সম্ভাব্য হামলার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি এলাকায় নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়েছে। মণিপুরে মানুষের জীবন রক্ষা এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ভারতীয় সেনার অঙ্গীকারও এই অভিযানের মাধ্যমে ফের স্পষ্ট হয়েছে।
এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগেই মণিপুরে তিনটি শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়েছিল। রবিবার নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের বাহিনী মণিপুর পুলিশের সঙ্গে সমন্বয় করে জিরিবাম জেলার জঙ্গলে তল্লাশি চালায়। অসম সীমান্তের দক্ষিণ প্রান্তে লেইশাবিথল ও আহমাদাবাদের মধ্যবর্তী এলাকা থেকে প্রায় ২০ কেজি ওজনের তিনটি আইইডি উদ্ধার করা হয়।
উদ্ধার করা বিস্ফোরকগুলি ঘটনাস্থলেই নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এর ফলে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্ভাব্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছিলেন। যৌথ অভিযান নিরাপত্তা বাহিনীর সতর্কতা, প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়েরও পরিচয় দিয়েছে বলে তিনি জানান।
এদিকে, মণিপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকচিং জেলার খেরগাও-নাহারুপ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মণিপুর পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং ‘ইয়ুথ এগেনস্ট ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, মণিপুর’ (YADAM)-এর একটি যৌথ দল। অভিযানে দুই সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন চন্দেল জেলার বাসিন্দা ৪৮ বছরের মহম্মদ রিয়াজ খান এবং ২৬ বছরের দান্দশাওয়া মোলডি। তাঁদের কাছ থেকে হেরোইন ভর্তি ১০টি সাবানের কৌটো উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি হোন্ডা অ্যাক্টিভা এবং একটি ফোর্ড ফিগো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
(আইএএনএস)



















