আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা থেকে টমটমে করে খোয়াইয়ের দিকে আসার সময় এক তরুণীর সঙ্গে তিন যুবক অভব্য আচরণ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
অভিযুক্ত তিন যুবকের নাম বিপ্লব দাস, সুমন শুক্ল বৈদ্য ও প্রণয় দাস বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর ওই তরুণী খোয়াই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে খোয়াই মহিলা থানায় মামলা নম্বর ২৩/২০২৬-এ ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫(১)(ল), ৭৫(৪) ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে আটক করে আদালতে পাঠায়। ঘটনার বিষয়ে খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

















