আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বিশালগড় বন বিভাগের উদ্যোগে কনা বন বিএওপি এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকুমা বন অধিকারিক ঈশান লাল, বিশালগড় রেঞ্জ অফিসের রেঞ্জ অফিসার ধ্রুব দাস, ৪৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্টসহ বনদপ্তর ও বিএসএফের অন্যান্য আধিকারিকবৃন্দ। এছাড়াও বন বিভাগের সকল স্তরের কর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয় এবং উপস্থিতদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। বন বিভাগের এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।



















