ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কমল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার ভারতের সংসদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। সংসদীয় কমিটিগুলির মধ্যে আদান-প্রদান, সংসদ সদস্য ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ এবং পারস্পরিক সফর নিয়ে আলোচনা হয়।
হাইকমিশনার সংসদীয় সহযোগিতা ও বিনিময়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভারতের সংসদ বিভিন্ন আধুনিকীকরণ উদ্যোগ সম্পর্কেও তাঁদের অবহিত করেন।
এদিন তিনি জাতীয় সংসদের লাইব্রেরিও পরিদর্শন করেন এবং দুই দেশের সংসদীয় গ্রন্থাগারের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে নথির ডিজিটাইজেশন ও যৌথ গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে, হাইকমিশনার তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এই বৈঠকে তথ্য ও সম্প্রচার ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিস্তৃত সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। দুই দেশই মিডিয়া প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানোর মাধ্যমে জনসম্পর্ক জোরদারের বিষয়ে একমত হয়েছে।
হাইকমিশনার ভারতের আইটেক প্রোগ্রামের অধীনে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব দেন। এর অংশ হিসেবে শীঘ্রই বাংলাদেশি মহিলা সাংবাদিকদের জন্য ভারতে একটি বিশেষ প্রশিক্ষণ আয়োজন করা হবে।
এছাড়া চলচ্চিত্র ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। দুই দেশে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন, এবং প্রযোজনা ও পোস্ট-প্রোডাকশনে প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
হাইকমিশনার পুনরায় জানান, পারস্পরিক স্বার্থ ও উপকারের ভিত্তিতে ভারত সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে সবক্ষেত্রে জনমুখী সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।



















