আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে সামনে রেখে আজ ১৪ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের আর.সি নগর ভিসি এলাকায় ভিসি ও পোলিং স্টেশন স্তরে প্রচার চালায় তিপ্রা মথা দল।
এদিন নব চৌমুনী থেকে শুরু হওয়া পদযাত্রা প্রায় ২০ কিলোমিটার এলাকা পরিক্রমা করে রাজচন্তাই বাজারে গিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন তিপ্রা মথা মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা, যুব নেতা প্রশান্ত দেববর্মা এবং নারী নেত্রী সাগরিকা দেববর্মা।
পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে রুনিয়েল দেববর্মা বলেন, ১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তিনি দাবি করেন, এই কেন্দ্রে তিনি প্রায় ২৫ হাজার ভোটে জয়লাভ করবেন।
এছাড়াও তিনি বলেন, ২০২৮ সালে তিপ্রা মথা দল ছাড়া অন্য কোনও দল সরকার গঠন করতে পারবে না। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।



















