আগরতলা, ১১ নভেম্বর: যমজ সন্তানের জন্মদিনের দিনই মর্মান্তিক ঘটনা। স্ত্রীর উপর নির্মম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথা ফেটে গেছে। ঘটনাটি ঘটেছে কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের অন্তর্গত রামদুর্লভপুর এলাকায়।
জানা গেছে, আহত গৃহবধূর নাম মামন দেবনাথ। অভিযোগ, তার স্বামী লিটন দেবনাথ প্রায়ই স্ত্রীকে সন্দেহ করে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। প্রতিবেশীদের উপস্থিতিতেও একাধিকবার পারিবারিক বিবাদ মেটানোর চেষ্টা হলেও, তাতে কোনো ফল হয়নি। বরং, লিটন দেবনাথ নিত্যদিনের মতোই সন্দেহের বসে স্ত্রী ও সন্তানদের ওপর অমানবিক আচরণ করতেন বলে অভিযোগ মামনের পরিবারের।
গতকাল রাতে তাদের যমজ দুই সন্তানের জন্মদিন ছিল। উৎসব শেষে মামনের বাবা-মা বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ই খবর আসে যে লিটন দেবনাথ তার স্ত্রীকে মারধর করে রক্তাক্ত করেছে। তড়িঘড়ি তাঁরা ছুটে গিয়ে মামন দেবনাথকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনায় মামনের শ্বশুরও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, স্বামী লিটন দেবনাথের নৃশংসতার যথাযথ তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।



















