News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Delhi Blast Update : বিস্ফোরণে কাঁপল দিল্লি, মৃত ৮, আহত ২০, তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
Image

Delhi Blast Update : বিস্ফোরণে কাঁপল দিল্লি, মৃত ৮, আহত ২০, তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

নয়াদিল্লি, ১০ নভেম্বর : দেশের রাজধানী দিল্লি সোমবার সন্ধ্যায় তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু ও ২০ জন আহতের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তদন্তে সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, গেট নম্বর ১–এর কাছে পার্ক করা একটি গাড়িতে প্রথম বিস্ফোরণটি হয়, যার পরপরই আশেপাশের আরও ৩-৪টি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় দোকানপাটের কাচ ভেঙে যায় এবং এলাকায় ভয় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আহতদের এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল ও ক্রাইম ব্রাঞ্চ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

বিস্ফোরণের পর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মুম্বই ও গুজরাটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বই পুলিশ শহর জুড়ে নাকাবন্দি ও তল্লাশি অভিযান শুরু করেছে। গুজরাট পুলিশ রাজ্যজুড়ে নোটিশ জারি করে সীমান্ত ও প্রবেশপথে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে। ভারত-নেপাল সীমান্তেও লাল সতর্কতা (রেড অ্যালার্ট) ঘোষণা করা হয়েছে।

১৫টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের পর পুরো এলাকা কর্ডন অফ করে দিয়েছে পুলিশ এবং সাধারণ যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। লালকেল্লা, চাঁদনি চক, দিল্লি মেট্রো, সরকারি ভবন এবং আইজিআই বিমানবন্দরসহ সিআইএসএফ-রক্ষিত সব স্থাপনা উচ্চ সতর্কতায় রয়েছে। চাঁদনি চক বাজার আগামীকাল (মঙ্গলবার) বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। মোমো খেতে যাচ্ছিলাম, হঠাৎ প্রবল শব্দ শুনি। দেখি, একটা গাড়িতে বিস্ফোরণ হয়েছে। চারপাশের গাড়িগুলোও আগুনে পুড়তে শুরু করে। আমরা কয়েকজন মিলে আহতদের উদ্ধার করি। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর আশেপাশের স্ট্রিটলাইট নিভে যায় এবং গাড়ির টুকরো ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে।

লালকেল্লা অঞ্চল দিল্লির অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা। সন্ধ্যার সময় চাঁদনি চক বাজারে প্রচুর ভিড় থাকে। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাহুল গান্ধী এক্স-এ পোস্ট করে লেখেন, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে কার বিস্ফোরণের খবর অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। বহু নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

এনআইএ, এনএসজি, এফএসএল ও দিল্লি পুলিশের বিশেষ দল যৌথভাবে তদন্ত চালাচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়, তবে গোয়েন্দা সংস্থাগুলি একে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বিস্ফোরণটি ঘটে। গাড়ির ভেতরেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দু ছিল। তদন্ত চলছে, আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

সোমবার রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, সন্ধ্যা প্রায় ৭টার সময় লালকেল্লার কাছে একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। কাছাকাছি পার্ক করা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু পথচারী আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিন তিনি বিস্ফোরণস্থলে যাওয়ার আগে এলএনজেপি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এরপর তিনি বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, বিস্ফোরণের মাত্র ১০ মিনিটের মধ্যেই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেল ঘটনাস্থলে পৌঁছে যায়। অমিত শাহ বলেন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলও ঘটনাস্থলে পৌঁছে গেছে। তদন্ত শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং স্পেশাল সেলের প্রধান কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, যারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। সব দিক বিবেচনা করে তদন্ত এগোবে। যতক্ষণ না আমরা নিশ্চিত প্রমাণ হাতে পাচ্ছি, কোনো সিদ্ধান্তে পৌঁছানো হবে না। তদন্তের চূড়ান্ত ফলাফল জনগণের সামনে প্রকাশ করা হবে, বলেন অমিত শাহ। তিনি আরও জানান, আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং ঘটনাস্থলের বিস্তারিত ফরেনসিক বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে, বলেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, সোমবার সকালেই জম্মু ও কাশ্মীর পুলিশ এক আন্তঃরাজ্য সন্ত্রাসী চক্র ভেঙে দেয়, যা জয়শ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াত-উল-হিন্দ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এই অভিযানে হরিয়ানার ফারিদাবাদ এলাকা থেকে ২,৯০০ কেজি বিস্ফোরক, দুটি অ্যাসল্ট রাইফেল, পিস্তল, টাইমার এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটে যা বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের একদিন আগে ঘটল বলে উল্লেখ করেছে সূত্র।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top