সুরাট, ১ জানুয়ারি (হি.স.): বুধবার রাতে গুজরাটের ভালসাদ জেলায় থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার তিনি ভালসাদ জেলার ধরমপুরে আয়োজিত দুটি কর্মসূচিতে যোগ দেবেন। এইসময়ে সরসঙ্ঘচালক মোহন ভাগবত স্থানীয় স্বয়ংসেবকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
গুজরাটে সংঘের প্রান্ত প্রচার প্রমুখ বিজয় ঠাকর জানান, বুধবার রাতে সরসঙ্ঘচালক মোহন ভাগবত সুরাটে পৌঁছবেন। রাতেই সুরাট বিমানবন্দর থেকে ভালসাদের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ভালসাদে রাত্রিযাপন করে তিনি বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভালসাদ জেলার ধরমপুরে শ্রীমদ রাজচন্দ্র মিশন আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিনই বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিনি ধরমপুরের বারুমালে অবস্থিত শ্রী সদগুরুধামেও যাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘের স্বয়ংসেবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।



















