আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে মলয়নগর রবিপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ৩৮ বছর বয়সি অভিদাস নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে রবিপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন। ট্রাকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই ঘটনায় একটি পালসার বাইকও ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আহত স্কুটি চালককে উদ্ধার করে অটোরিকশাযোগে জিবি হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ।
দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটির নম্বর টিআর০১এক্স১৭৪১। স্কুটির নম্বর টিআর০৩কে৮০৭৭ এবং অন্য একটি গাড়ির নম্বর টিআর০১বি৯৬৫৯ বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের সন্ধানে তৎপর হয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীনগর থানার পুলিশ।



















