নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও অসহযোগিতার অভিযোগ জানাল কেন্দ্র। আদালতের নির্দেশ, সোমবারই রাত ৯টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফ-কে দেবে রাজ্য।
কেন্দ্রের তরফে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে জানানো হয়, আর জি করে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু রাজ্য সহযোগিতা করছে না। সিআইএসএফ যে সব জওয়ানকে মোতায়েন করা হয়েছে, তাঁদের উপযুক্ত থাকা-খাওয়ার বন্দোবস্ত করেনি রাজ্য সরকার।
এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, সিআইএসএফের ৩ কোম্পানি লেডি কনস্টেবল মোতায়েন করার কথা আর জি করে। কিন্তু তাঁদের থাকার জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে দেড় ঘণ্টা দূরে।
যদিও রাজ্যের দাবি, সিআইএসএফ জওয়ানদের সবরকমের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, সবার উপযুক্ত থাকার বন্দোবস্ত করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি জানান, রিপোর্ট অনুযায়ী ৩ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। আরও ২ কোম্পানি মোতায়েন করা বাকি।
এই অভিযোগ নিয়ে আগেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল কেন্দ্র। সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, স্বরাষ্ট্র দফতরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফের সিনিয়র অফিসারেরা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন।
রাজ্যের তরফে আরএমএ কোয়ার্টার, আর জি কর কলেজ এবং ইন্দিরা মাতৃ সদনে জওয়ানদের থাকার ব্যবস্থা করার কথা। রাজ্য এবং কেন্দ্রের তরফে মনোনীত আধিকারিকরা যৌথভাবে পুরো বিষয়টি নিশ্চিত করবেন।



















