, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:
ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে ধর্মনগরে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কার্যকর্তারা।
বিক্ষোভ চলাকালীন বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এবিভিপির অভিযোগ, ২২ সেপ্টেম্বরের কলেজ-সংক্রান্ত ঘটনার পর রাতে তাদের এক কার্যকর্তার বাবাকে কয়েকজন ব্যক্তি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন বলে দাবি সংগঠনের। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে এসেছে।
অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এবিভিপি আগে প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছিল বলে সংগঠনের দাবি। বৃহস্পতিবারের বিক্ষোভে একই দাবি পুনরায় তুলে ধরা হয়।
পরে ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা আন্দোলনকারীদের আশ্বাস দেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করেন এবিভিপি কার্যকর্তারা।
এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।



















