কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): অ্যালান শিয়েরার একজন ইংরেজ ফুটবল বিশেষজ্ঞ এবং প্রাক্তন পেশাদার খেলোয়াড়, যিনি একজন স্ট্রাইকার হিসেবে খেলেছেন। সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন এবং প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। মঙ্গলবার এই ইংলিশ ফুটবলার অ্যালান শিয়েরারের ৫৩তম জন্মদিন।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ২৬০টি গোল করে এখনও সর্বোচ্চ গোল স্কোরার তালিকায় শীর্ষস্থানে আছেন তিনি। জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচে ৩০ এবং ক্লাব পর্যায়ে ৫৫৯ ম্যাচে ২৮৩টি গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি নিউ ক্যাসেল ইউনাইটেড–এর হয়ে ৩০৩ ম্যাচে ১৪৮টি গোল করেছিলেন।তিনি ১৯৯৪ সালে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ১৯৯৫ সালে পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। ১৯৯৬ সালে তিনি ব্যালন ডি’অর এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার উভয় পুরস্কারেই তৃতীয় হন। ২০০৪ সালে পেলে বিশ্বের সেরা জীবিত খেলোয়াড়দের ফিফা ১০০ তালিকায় তাঁর নাম রাখেন। ২০২১ সালে তিনি প্রিমিয়ার লিগ হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম দুই খেলোয়াড়ের একজন।
2024-08-13

