নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৮ জুন:
জমি সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে স্থানীয়রা। এমনই অভিযোগ পুকুরের মালিকের। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা পুলিশ স্টেশনের অধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ক্ষিতীশ দাসের সাথে কয়েকজন এলাকাবাসীর জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে গন্ডগোল চলছে। কয়েকবার থানা পুলিশের সান্নিধ্যে আসলেও এর কোন সুরাহা হয়নি। এখন ক্ষিতীশ বাবুকে শায়েস্তা করার জন্য নাকি কয়েকজন এলাকাবাসী ক্ষিতীশ বাবুর পুকুরে বিষ দিয়ে মাছের মৃত্যু এবং অর্থনৈতিক দিক দিয়ে উনাকে ক্ষতিগ্রস্থ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনি অভিযোগ ক্ষিতীশ দাসের।
যাদের বিরুদ্ধে ক্ষিতীশ বাবু পুকুরে বিষ দেওয়ার অভিযোগ আনলেন তারা হলেন উনার এলাকার মান্থু নাথ, মহিত নাথ, রিঙ্কু নাথ, টিংকু নাথ, ভুবন নাথ এবং চিনু নাথ। প্রায় ২৫ থেকে ত্রিশ হাজার টাকার মাছ মরে ভেসে উঠেছে উনার পুকুরে। এই ঘটনা সকালে প্রত্যক্ষ করার পর ইনি বিষ্ণুপুর পঞ্চায়েত এর সদস্য, এলাকার বিশিষ্টজনেরা ,এমনকি জেলা পরিষদের সদস্য তথা উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাসকেও এই মাছ মরে যাওয়ার ঘটনাটি জানিয়েছেন। ঘটনা নিয়ে কদমতলা পুলিশের দ্বারস্থও হয়েছেন তিনি।
ক্ষিতীশ বাবুর ধারণা হচ্ছে এই এলাকাবাসীরা এখন পুকুরে বিষ ঢেলে মাছ মেরেছে পরবর্তী সময় ক্ষিতীশ বাবুকে মেরে ফেলবে। কারণ এলাকায় ওনার যেসব শত্রু রয়েছে তাদের কাছ থেকে বাঁচতে কদমতলা থানা পর্যন্ত সঠিক বিচার পাচ্ছেন না। একপ্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।



















