কলকাতা, ৩ জুন (হি. স.): কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন সন্দেশখালি আন্দোলনের নেত্রী তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সোমবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন, আগামী ৫ জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।
লোকসভা ভোটের গণনার আগে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেখা। তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য সোমবার আবেদনে জানান, রেখা সংগ্রামী মহিলা। গণনার আগে ফের তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে পুলিশ। রেখার আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে এমন ধারা দেওয়া হয়েছে যাতে ১০ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। অন্য দিকে, রাজ্যের আইনজীবী বিচারপতি সিংহের বেঞ্চে দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে অনেক ‘গুরুতর অভিযোগ’ রয়েছে।

