সাসারাম, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দেখতে দেখতে ৩৪-তম দিনে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শুক্রবার সকালে বিহারের সাসারাম থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, হুড খোলা গাড়িতে চেপে রোড-শো করেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। বিহারে কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যেও এদিন যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন এদিন তেজস্বী যাদব বলেন, “আপনারা সবাই জানেন, আমাদের মুখ্যমন্ত্রী কেমন, তিনি কারও কথা শোনেন না। তিনি বলতেন, আমি মরে যাব কিন্তু বিজেপিতে যোগ দেব না। আমরা নীতীশজির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিই, আমাদের যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, ২০২৪-এ বিজেপিকে হারাবই।”



















