চেন্নাই, ২৯ ডিসেম্বর (হি.স.): ডিএমডিকে প্রধান তথা প্রখ্যাত অভিনেতা বিজয়কান্তের অকাল-প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শোকপ্রকাশ করে নির্মলা বলেছেন, ক্যাপ্টেন বিজয়কান্ত তামিল রাজনীতিতে সবচেয়ে মানবিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়কান্ত, বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে তাঁর।
শুক্রবার চেন্নাইয়ে এসে প্রয়াত বিজয়কান্তকে শেষশ্রদ্ধা জানান নির্মলা সীতারমন। উপস্থিত ছিলেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইও। নির্মলা এদিন বলেছেন, “কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ক্যাপ্টেন বিজয়কান্ত তামিল রাজনীতিতে সবচেয়ে মানবিক নেতা হিসাবে পরিচিত ছিলেন এবং তাঁর বিশাল অনুরাগী রয়েছে। তিনি একজন স্ব-নির্মিত এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, তাঁর প্রয়াণ তামিল রাজনীতির জন্য একটি বড় ক্ষতি।”

