মুর্শিদাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.) : রেল ব্রিজে রিলস বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ স্কুল ছাত্রের। মারাত্মক জখম অবস্থায় আরও দুজন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে সুতি থানা এলাকার আহিরন ব্রিজে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রদের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ। সকলেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের ক্লাস টেনের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে আহিরন রেলসেতুতে উঠে ভিডিয়ো করছিল ওই পাঁচ জন। রিলস্ বানাতে বানাতে একেবারে সেতুর মাঝামাঝি জায়গায় চলে এসেছিল তারা। এমন সময় আচমকাই ট্রেন চলে আসে লাইনে। ট্রেন কাছাকাছি চলে এসেছে বুঝতেই পেরেই দৌড়তে শুরু করে পাঁচ জন। কিন্তু শেষরক্ষা হল না। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিন জন। সেতু পেরিয়ে লাইনের পাশে লাফ দিয়ে প্রাণ বাঁচে দুই তরুণের।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘পাঁচ জন ভিডিয়ো করতে করতে ব্রিজের মাঝখানে চলে গিয়েছিল। ট্রেন খুব কাছাকাছি এসে হর্ন দেয়। এত কাছে এসে গিয়েছিল যে, পালিয়েও লাভ হল না! যে দু’জন বেঁচে গিয়েছে, ওদের ভাগ্য খুবই ভাল!’’ আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। একজনের মালগাড়ির চাকায় পা কেটে বাদ চলে গিয়েছে।
এই ঘটনার পরেই আহিরন বিজ্রের উপর ভিড় জমে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে। দুর্ঘটনার খবর শুনে ছাত্রদের পরিবারের লোকেরাও এসেছিলেন। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম রোহিত শেখ ও আকাশ শেখ।

