বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল চৌমুহনী এলাকার। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে দীনেশ দেবনাথের ছেলে গোবিন্দ দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় বাবা-মাকে মারধর করার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছেন।
পরিবারের অভিযোগ, নেশার টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন সামগ্রীও নিয়ে যাচ্ছেন গোবিন্দ। ছেলের এমন আচরণে দীর্ঘদিন ধরেই চরম হতাশা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দীনেশ দেবনাথ ও তাঁর স্ত্রী।
শুক্রবার দুপুরেও নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে বাবা দীনেশ দেবনাথকে মারধর করার অভিযোগ ওঠে গোবিন্দ দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ, মারধরের পাশাপাশি ভবিষ্যতে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি করার হুমকিও দেন তিনি।
ছেলের অত্যাচারে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বিশালগড় থানার দ্বারস্থ হন দীনেশ দেবনাথ। সংবাদমাধ্যমের সামনে নিজের পরিস্থিতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশ প্রশাসনের কাছে ছেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের ও স্ত্রীর নিরাপত্তার জন্য আবেদন জানান।
অসহায় বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে এখন পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা।



















