বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টাউন হলটি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার হাত ধরে উদ্বোধন করা হয়েছিল বলে জানা গেছে। কিন্তু উদ্বোধনের পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুক্রবার দুপুরে অফিসটিলা নতুন টাউন হলে ত্রিপুরা সরকারের উদ্যোগে সড়ক ও ট্রাফিক সচেতনতামূলক একটি শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, মহকুমা শাসক ভিঙ্কি সাহা, আইজি (এলও) মৌচাক ইকপার এবং জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা-সহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন আধিকারিক।
এছাড়াও শিবিরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং কলেজ পড়ুয়ারা অংশ নেন। তবে অনুষ্ঠানের সময় টাউন হলের বৈদ্যুতিক এসি বিকল থাকায় গরমের মধ্যেই পাখার হাওয়ায় বসে অনুষ্ঠান উপভোগ করতে হয় ছাত্রছাত্রীদের।
স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের এমন পরিস্থিতি উদ্বেগজনক। উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই এসি বিকল হয়ে পড়লেও তা মেরামতের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের তেমন উদ্যোগ চোখে পড়ছে না বলেও অভিযোগ উঠেছে।
শুধু এসি নয়, টাউন হলটির সামগ্রিক রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে। একটি সরকারি অনুষ্ঠানে হলের বেশ কয়েকটি আসনও ফাঁকা দেখা যায়। এত বড় পরিকাঠামো নির্মাণের পর তার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে কেন নজরদারি নেই, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টাউন হলের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। সরকারি অর্থে নির্মিত এই পরিকাঠামো দ্রুত নষ্ট হওয়ার আগেই রক্ষণাবেক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।



















