আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন এলাকায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুলও পোড়ানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যপ্রণালী নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
একই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, শিক্ষক, শিক্ষিত বেকার যুবক, সরকারি কর্মচারী, শ্রমিক ও কৃষকদের বিভিন্ন সমস্যা যথাযথ গুরুত্ব পাচ্ছে না। সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যাকে সামনে রেখে কংগ্রেস তার সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানান তিনি।
বক্তব্যে কংগ্রেস বিধায়ক পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র ও হরিয়ানা-সহ দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচনে অনিয়মের অভিযোগও তোলেন। নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধরনের আইনি পদক্ষেপের ক্ষেত্রে যে সুরক্ষা রয়েছে, সেই আইনি বিধান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিন ত্রিপুরায় টেট ও এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং অন্যান্য বেকার যুবকদের আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন সুদীপ রায় বর্মন। তাঁর অভিযোগ, কর্মসংস্থান ও নিজেদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনকারী যুবকদের উপর পুলিশ বলপ্রয়োগ এবং জলকামান ব্যবহার করেছে।
আগামী দিনে দলের আন্দোলনের কর্মসূচি নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হবে বলে জানান তিনি। সেই বৈঠকের পর দলের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যপ্রণালী নিয়ে উদ্বেগের প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে বলেও জানান কংগ্রেস নেতৃত্ব।



















