আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সাত দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির সদর মহকুমা কমিটি। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়।
সংগঠনের অন্যতম প্রধান দাবি, ভাল্লুকিয়া টিলা, আম্বেদকর পল্লী, চাঁনমারী ও রাবার বোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাসকারী হরিজন-সহ অন্যান্য পরিবারের জমির বন্দোবস্ত বা এলটমেন্ট দিতে হবে। দীর্ঘ বছর ধরে ওইসব এলাকায় বসবাস করলেও এখনও অনেক পরিবার জমির স্বত্ব থেকে বঞ্চিত বলে অভিযোগ সংগঠনের।
এছাড়াও, দরিদ্র হরিজন পরিবারগুলির জন্য সরকারি বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্প চালু থাকলেও বাস্তবে অনেক পরিবার সেই সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করা হয়েছে। সংগঠনের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকাগুলিতে বসবাসকারী হরিজন পরিবারগুলির মধ্যে একজনও সামাজিক ভাতা পাচ্ছেন না। তাই অতিসত্বর যোগ্য হরিজন পরিবারগুলিকে সামাজিক ভাতার আওতায় এনে সুবিধা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
ডেপুটেশনে বাকি দাবিগুলির পাশাপাশি হরিজন সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।
সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।



















