নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেসের তরফ থেকে মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেছে কংগ্রেস।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রাক্তন রাষ্ট্রপতিকে শিক্ষক দিবসের দিন শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁকে একজন দার্শনিক এবং রাষ্ট্রনায়ক হিসাবে বর্ণনা করেছেন। খাড়গে বলেন, রাধাকৃষ্ণনের অবদান, উৎসর্গ এবং প্রজ্ঞা মানুষকে এখনও অনুপ্রাণিত করে চলেছে। প্রতিবছর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। খাড়গে বলেন, শিক্ষকরাই প্রকৃত দেশের নির্মাতা। তাঁরা শুধুমাত্র আমাদের পথপ্রদর্শকই নন, ভালো মূল্যবোধ গড়ে তুলতেও তাঁরা আমাদের পথ নির্দেশ করে থাকে।
খাড়গে আরও বলেন, আমরা সারা দেশের সমস্ত শিক্ষককে আজকের দিনে অভিনন্দন জানাচ্ছি, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে। জয়রাম রামেশ এক্স হ্যাণ্ডেলের মাধ্যমে পোস্ট করে লিখেছেন, আজ আমরা শিক্ষক দিবস পালন করছি এবং মহান দার্শনিক, শিক্ষাবিদ ও লেখক সর্বপল্লি রাধাকৃষ্ণনকেও স্মরণ করছি। ‘দ্য হিন্দু ভিউ অফ লাইফ’, ‘ইন্ডিয়ান ফিলোসফি’, ‘ইস্টার্ন রিলিজিয়নস অ্যান্ড ওয়েস্টার্ন থট’, ‘দ্য ভগবত গীতা’, ‘দ্য ধম্মপদ’, এবং ‘দ্য প্রিন্সিপাল উপনিষদ’-এর মতো তাঁর অনেক বইয়ের কথাও জয়রাম রামেশ তাঁর লেখায় তুলে ধরেন।

