আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা ত্রিপুরাকে দেখতে বুধবার জিবি হাসপাতালে যায় ত্রিপুরা প্রদেশ এনএসইউআই -এর একটি প্রতিনিধি দল। রাজ্য সভাপতি আমির হোসেনের নির্দেশে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন।
এনএসইউআই-এর পক্ষ থেকে দাবি করা হয়, হোস্টেলের ছাদ থেকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সংগঠনের অভিযোগ, এই ঘটনা হোস্টেল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
জেবিকা ত্রিপুরার দুর্ঘটনার জন্য হোস্টেল কর্তৃপক্ষকে দায়ী করে এনএসইউআই-এর পক্ষ থেকে সরকারি ও বেসরকারি সমস্ত ছাত্রী হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, হোস্টেলগুলিতে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে সংগঠনটি।
এনএসইউআই-এর বক্তব্য, হোস্টেলে থাকা ছাত্রীরা যাতে নিরাপত্তাহীনতার মধ্যে না থাকে, তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। অন্যথায় আগামী দিনে ছাত্র কংগ্রেস তথা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই রাজ্য সরকার ও হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



















