নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : সোমবার দিল্লি হাইকোর্টে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি হল না। আগামী ১২ জানুয়ারি এই মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে।
অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, রাউস অ্যাভিনিউ আদালতের তরফে ইডিকে সেই অনুমতি দেওয়া হয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রতের আইনজীবীরা।
গত ১৯ ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অনুমতি পেয়েও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার সুযোগ পায়নি ইডি। ওই দিনই অনুব্রতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেন তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল। তার পর থেকে অনুব্রত পুলিশ হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার গরু পাচার মামলায় অনুব্রত এবং তাঁর দেহরক্ষী সহগল হোসেনকে আবার ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি অনুব্রতকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবেন সিবিআই আধিকারিকরা বলে জানিয়েছে আসানসোলের বিশেষ আদালত।

