ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। শ্রীমন দেবনাথ এবং রাজদ্বীপ ঘোষ দুরন্ত। প্রথম জনের ব্যাট এবং দ্বিতীয় জনের বোলিংয়ের কাধে ভর দিয়ে জয়ের ধারা অব্যহত রাখলো কে বি আই সি সি ‘এ’ দল। একপ্রকার দাপট দেখিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পায় চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দল কে বি আই সি সি ‘এ’ । ১১৯ রানে পরাজিত করে খিলপাড়া সি সি-কে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে কে বি আই সি সি ‘এ’-র গড়া ১৪২ রানের জবাবে খিলপাড়া মাত্র ২৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে ব্যাট হাতে শ্রীমন দেবনাথ ৮৭ রান এবং বল হাতে রাজদ্বীপ ঘোষ ৭ উইকেট পায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই সি সি ‘এ’ দল নির্ধারিত ৪০ ওভারে ১৪২ রান করে। দলের পক্ষে শ্রীমন ১০২ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৮৭, এবং সোমদেব শীল ১২ রান করে। দলীয় ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতার মধ্যে উজ্জ্বল ত্রিপুরার হয়ে খেলার স্বপ্ন দেখা শ্রীমন। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। খিলপাড়ার পক্ষে নয়ন সাহা (৩/২২) এবং প্রণয়দীপ দাস (২/১৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিপক্ষের উপর স্ট্রিম রোলার চাপায় রাজদ্বীপ ঘোষ। রাজদ্বীপের ত্বেজে ভস্মীভূত হয় খিলপাড়া। দল গুটিয়ে যায় মাত্র ১৯.১ ওভারে ২৩ রান করে।দল সর্বোচ্চ ১২ রান পায় অতিরিক্ত খাতে। খিলপাড়ার ৭ জন ব্যাটসম্যান কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যায়। কে বি আই সি সি ‘এ’ দলের পক্ষে রাজদ্বীপ (৭/৬) সফল বোলার।
2022-12-10

