বদরপুর (অসম), ১১ নভেম্বর (হি.স.) : লাইমস্টোন বোঝাই দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ । গুরুতর ভাবে আহত দুই চালক । শুক্রবার পাঁচটা নাগাদ করিমগঞ্জ জেলার বদরপুরের শ্রীগৌরী এলাকার শনি মন্দির সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে । গুরুতর ভাবে আহত ডাম্পার চালকরা কাছাড় জেলার গুমড়া এলাকার মমতাজ আলী তালুকদার, অপরজন একই জেলার কাঠিগড়া এলাকার অজয় কুমার নাথ ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বদরপুর থেকে করিমগঞ্জ অভিমুখে যাত্রা করা একটি ডাম্পারের চাকা ফেটে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে । সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে দুটি ডাম্পারই । সাত সকালে জাতীয় সড়কে বিকট শব্দ শুনে স্থানীয়রা জড়ো হলে উদ্ধার করেন দুই চালককে । এরপর চিকিৎসার জন্য আহতদের পাঠানো হয় শ্রী গৌরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে । কিন্তু অবস্থা সংকটজনক দেখে শ্রী গৌরী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ।দুর্ঘটনার খবর পেয়ে সকালেই শ্রী গৌরীতে ছুটে আসেন বদরপুর পুলিশ । এরপর দুটি ডাম্পারকেই জব্দ করা হয় পুলিশের পক্ষ থেকে ।
















