Mekhliganj:অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মেখলিগঞ্জে গ্রেফতার বাংলাদেশি সহ ৩

চ্যাংরাবান্ধা, ১১ জুলাই (হি. স.) : কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিএসবাড়ি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার দুই বাংলাদেশি সহ তিনজন। সোমবার ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে, দুই বাংলাদেশির নাম মহম্মদ সোলেমান এবং মতিউর রহমান। সোলেমান বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা এবং মতিউরের বাড়ি বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার হরিপুর থানা এলাকায়। ওই দুই বাংলাদেশি জম্মু-কাশ্মীরে শ্রমিকের কাজ করত। নিজেদের পরিজনদের সঙ্গে দেখা করে ফের চোরাপথে ভারতে ঢুকলে বিএসএফের বিএসবাড়ি সীমান্ত চৌকির জওয়ানরা তাদের আটক করে। তাদের সীমান্ত পারাপারে সহযোগিতা করার অভিযোগে জগদীশ রায় নামে এক ভারতীয় নাগরিককেও আটক করেছে বিএসএফ। পরবর্তীতে মেখলিগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এরসঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও খোঁজখবর শুরু হয়েছে।