দেহরাদূন, ১১ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন পুষ্কর সিং ধামি, শুক্রবার ধামি ছাড়াও রাজ্যপাল গুরমিত সিংয়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছে উত্তরাখণ্ড মন্ত্রিসভা। তবে, রাজ্যপালের অনুরোধে আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন ধামি, রাজ্যপাল তাঁর কাছে অনুরোধ জানিয়েছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি যেন কাজ চালিয়ে যান। উত্তরাখণ্ডের ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। সরকার গঠন করা এখন শুধুই সময়ের অপেক্ষা, কিন্তু খাতিমা আসন থেকে হেরে গিয়েছেন ধামি। ফলে দেবভূমির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।
এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যপাল গুরমিত সিংয়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন পুষ্কর সিং ধামি ও উত্তরাখণ্ড মন্ত্রিসভা। ধামি জানিয়েছেন, “আমরা যেহেতু নতুন জনাদেশ পেয়েছি এবং এই মেয়াদ শেষ হয়েছে, তাই আমরা রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছি। রাজ্যপাল আমাকে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন।” ধামি ভোটের ফলাফল প্রসঙ্গে বলেছেন, “আমরা মানুষের ভালোবাসা পেয়েছি এবং অভূতপূর্ব ফলাফল হয়েছে।”

