নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ থামছে না, বরং ফের ত্রিপুরায় তেজি হচ্ছে করোনায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর মিছিল৷ কেবল সুস্থতা সামান্য স্বস্তি দিয়ে যাচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২৬ জন করোনা আক্রান্ত, ৫জনের মৃত্যু এবং ২৮৩ জন সুস্থ হয়েছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৩৭৮ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪২০৭ জনকে নিয়ে মোট ৫৫৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআরে ১৫ জন এবং রেপিড অ্যান্টিজেনে ২১১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ২২৬ জন নতুন করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে৷ সংক্রমণের হার বেড়ে হয়েছে ৪.০৫ শতাংশ৷
এদিকে, প্রায় তিন মাস পরে ভারতে ৪০-হাজারের নীচে নামল দৈনিক কোভিড-সংক্রমণ৷ সেই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে৷ বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯,৭৯৬ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ৭২৩ জন করোনা-রোগী৷ রবিবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৪২ হাজার ৩৫২ জন৷ বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৩,২৭৯ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,৮২,০৭১ জন (১.৫৮ শতাংশ)৷
৩৫-কোটির গণ্ডি ইতিমধ্যেই ছাড়িয়েছে, ভারতে কোভিড-টিকাকরণ আরও বাড়ল৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৫,২৮,৯২,০৪৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৪,৮১,৫৮৩ জনকে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৭২৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,০২,৭২৮ জন (১.৩২ শতাংশ)৷ বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৫,২২,৫০৪৷ নতুন করে ৩৯,৭৯৬ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৫,৮৫,২২৯৷
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪২ হাজার ৩৫২ জন৷ ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৭,০০,৪৩০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.১১ শতাংশ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ০৪৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে৷

