আগরতলা, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন রাজ্যের কৃতী কন্যা অস্মিতা দে। ঐতিহাসিক সাফল্যের পর বুধবার ত্রিপুরায় ফিরলেন সোনার মেয়ে অস্মিতা।
আগরতলা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায় নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে অস্মিতাকে স্বাগত জানান এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। অস্মিতার এই সাফল্যে বিমানবন্দর চত্বরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে অস্মিতা শুধু দেশের ক্রীড়াক্ষেত্রেই নতুন ইতিহাস তৈরি করেননি, ত্রিপুরার ক্রীড়াঙ্গনের গৌরবও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। তাঁর এই সাফল্যে গর্বিত গোটা ত্রিপুরাবাসী।
অস্মিতাকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমিতে তাঁর এই প্রত্যাবর্তন রাজ্যের ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্য অর্জন করে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করুন, এই কামনাই রাজ্যবাসীর।



















