নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৩ জুলাই: তৃষ্ণা অভয়ারণ্যে বনভূমি দখলমুক্ত ও পুনরুদ্ধারের লক্ষ্যে বৃহস্পতিবার বৃহৎ পরিসরে অভিযান চালায় বন দপ্তর। তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষক বিমল দাসের নেতৃত্বে রাজনগর বন্যপ্রাণ রেঞ্জের অধীন একিনপুর ও গাবতলী বিট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে দখলমুক্ত করা বনভূমিতে বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপণ করে পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
পাশাপাশি রাঙ্গামুড়া রেঞ্জের রাধানগর বিট এলাকায় বনভূমিতে অবৈধভাবে রোপণ করা প্রায় ৫০০টি রাবার গাছের চারা অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন রাজনগর বন্যপ্রাণ রেঞ্জের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার, অভয়া রেঞ্জের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক সুহেল মিয়া খাদিম, রাঙ্গামুড়া রেঞ্জের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক দুলাল দাস, তৃষ্ণা অভয়ারণ্যের বনকর্মী, সংশ্লিষ্ট বিট অফিসার, বনরক্ষী এবং অন্যান্য মাঠপর্যায়ের কর্মীরা।
বন দপ্তর সূত্রে জানা যায়, এই সমন্বিত দখলমুক্তকরণ ও পুনরুদ্ধার অভিযানে ৫ হেক্টরেরও বেশি বনভূমি সফলভাবে দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হয়েছে। সহকারী বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার জানান, বনভূমি দখলমুক্ত করার পাশাপাশি সেখানে পুনরায় বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং বনভূমির জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


















