নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-ছাত্রীরা। শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভকারীরা দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশের সরিয়ে দেওয়ার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, আন্দোলনের গণতান্ত্রিক অধিকারকে দমন করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়েও কেন্দ্র সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
প্রতিবাদকারীদের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থায় ক্রমবর্ধমান অনিয়ম, দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের দায় থেকে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দায় এড়াতে পারেন না। তাই অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে তারা আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন। বিক্ষোভ চলাকালীন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সরব হন এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।



















