আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি ব্যাগ এখনও উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগে রয়েছেন ব্যাগের মালিক বিশ্বজিৎ দে। ঘটনায় আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুলাই উদয়পুর থেকে মারুতি ইকো গাড়িতে করে আগরতলার উদ্দেশ্যে রওনা হন বিশ্বজিৎ দে। আগরতলার বটতলা এলাকায় গাড়ি থেকে নামার প্রায় ২০ মিনিট পর তিনি বুঝতে পারেন, তাঁর একটি ব্যাগ গাড়ির মধ্যেই রয়ে গেছে।
এরপর তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহায়তা নেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সংশ্লিষ্ট গাড়ির নম্বর শনাক্ত করা হয়। পরে গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করা হলে চালক দাবি করেন, তাঁর গাড়িতে কোনো ব্যাগ পাওয়া যায়নি।
ব্যাগটি উদ্ধার না হওয়ায় গত ১৫ জুলাই আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ দে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হারিয়ে যাওয়া ব্যাগে জমির দলিল, পর্চাসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। তিনি অনুরোধ জানান, কোনো সহৃদয় ব্যক্তি যদি ব্যাগটি পেয়ে থাকেন, তাহলে সেটি নিকটস্থ থানায় জমা দেওয়া বা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
এদিকে, পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য খতিয়ে দেখে ব্যাগটির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।























