আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাতের জেরে পশ্চিম ত্রিপুরা জেলার কাটাখাল বাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি এলাকার পেছনের সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই পথ ব্যবহার না করার নির্দেশ জারি করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন।
সোমবার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার(আই এএস) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ২৬, ৩০ ও ৩৪ ধারার অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, টানা বৃষ্টির কারণে কাটাখাল বাঁধ এবং দুর্গাচৌমুহনী-প্রগতির পেছনের সড়কে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা, জল জমে যাওয়া এবং অন্যান্য বর্ষাজনিত বিপদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ওই দুই রাস্তায় চলাচল বর্তমানে অনিরাপদ।
প্রশাসনের পক্ষ থেকে সকল বাসিন্দা, যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এই নির্দেশ সম্পূর্ণভাবে জনস্বার্থ ও জননিরাপত্তার কথা বিবেচনা করেই জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
























