আগরতলা, ১০ জুলাই : স্মার্ট মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল বাতিলসহ ৮ দফা দাবিতে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বামুটিয়া বিভাগীয় কার্যালয়ে ডেপুটেশন দিল বামুটিয়া ব্লক কংগ্রেস।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বামুটিয়া বিধানসভার কালী বাজার এলাকা থেকে শুরু হয়ে বামুটিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সুজিত পাল, কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, বামুটিয়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব বিশ্বাসসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস জানান, সাধারণ মানুষের স্বার্থে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি স্মার্ট মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ পরিষেবার উপর বাড়তি চাপ কমানো এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি জানান।
কংগ্রেস নেতৃত্বের দাবি, বিদ্যুৎ পরিষেবা সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে যুক্ত। তাই বিদ্যুৎ ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার আগে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত।
























