বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত পরিবারের ওপর মামলা প্রত্যাহার করে মীমাংসার জন্য চাপ সৃষ্টি করছে—এমনই গুরুতর অভিযোগ উঠেছে বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে বিশালগড় থানাধীন রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায় বিকাশ বিশ্বাস নামে এক যুবককে নিতাই দাস ও তাঁর ছেলে সৌরভ দাস মিলে মারধর করেন। ঘটনায় গুরুতর আহত হন বিকাশ। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার।
ঘটনার পর বিষয়টি নিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। বরং পুলিশ ফোন করে তাঁদের সঙ্গে মীমাংসার প্রস্তাব দিচ্ছে এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ উঠেছে।
পরিবারের আরও অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পরও তার রিসিভ কপি দেওয়া হয়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
অন্যদিকে, গুরুতর আহত বিকাশ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশের পক্ষ থেকে মীমাংসার প্রস্তাব দেওয়ার অভিযোগে এলাকায়ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আক্রান্ত পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


















