আগরতলা, ২৪ আগস্ট: দীর্ঘ প্রায় ১০ বছর ধরে রাজ্যে অনুষ্ঠিত হয়নি ভিলেজ কমিটির নির্বাচন। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মোট ৫৮৭টি আসনে এই নির্বাচন হবে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন।
ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে রিটার্নিং অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনী আইন, আদর্শ আচরণবিধি, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই, প্রার্থী তালিকা প্রকাশ, ভোটগ্রহণ এবং ভোট গণনাসহ নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রিটার্নিং অফিসারদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।
বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ চক্রবর্তী জানান, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকরা যাতে নির্দিষ্ট নিয়ম ও আইন মেনে সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এদিন রিটার্নিং অফিসারদের হাতে-কলমে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়েছে। নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিভিন্ন ধরনের ভুলত্রুটি নিয়ে অভিযোগ ওঠার নজির রয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা এড়ানো যায় এবং নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।
সোমবারের বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। দীর্ঘ এক দশক পর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রস্তুতি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।


















