সাব্রুম, ৯ জুলাই: টানা বর্ষণের জেরে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে সরেজমিনে পরিদর্শনে যান মহকুমা শাসক সুমন রক্ষিত। তাঁর সঙ্গে ছিলেন বন্যা নিয়ন্ত্রণ দপ্তর ও মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক।
পরিদর্শনকালে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু থেকে ফেনী নদীর জলস্তর পর্যবেক্ষণ করেন মহকুমা শাসক। তিনি জানান, বর্তমানে নদীর জল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বুধবার গভীর রাতে জলস্তর ১৬.৮০ মিটার পর্যন্ত পৌঁছে বিপদসীমার খুব কাছাকাছি চলে আসায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
এদিকে, আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন রাজ্যে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে সাব্রুম মহকুমা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান মহকুমা শাসক।
তিনি বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে নিয়মিত নজরদারি চালানো হবে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হবে, যাতে প্রয়োজনে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করা যায়।
প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার এবং প্রয়োজনে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
























