নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ী, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে ‘কাটমানি’ তথা ‘নিকো’ বাণিজ্য- এর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এক ঠিকাদার ও তাঁর পরিবারের পক্ষ থেকে স্থানীয় কয়েকজন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে হুমকি ও বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, জোলাইবাড়ী বিধানসভার অন্তর্গত বাইখোড়া এলাকার চড়কবাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ শীল, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য মনিন্দ্র বিশ্বাস, বিধান মিত্র-সহ কয়েকজন সরকারি উন্নয়নমূলক কাজের টেন্ডারকে কেন্দ্র করে ‘নিকো’ বা কাটমানি বাণিজ্যে জড়িত। অভিযোগকারীদের দাবি, এর ফলে সরকারি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঠিকাদার সুপ্রিয় দত্তের পরিবারের অভিযোগ, একটি সরকারি কাজের টেন্ডার গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে নারায়ণ শীলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান। এ সময় অশালীন ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে।
সুপ্রিয় দত্তের ভাই দাবি করেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এবং সমাজে পরিচিত। তিনি আরও বলেন, তাঁদের পরিবারের সদস্যরা দেশের ও মানুষের স্বার্থে আত্মত্যাগ করেছেন। অথচ বর্তমানে একটি সরকারি কাজের টেন্ডারকে কেন্দ্র করে তাঁদের পরিবারকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে জোলাইবাড়ী এলাকায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক এবং সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম বা কাটমানি প্রথা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
























