পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপারিনটেনডেন্ট সুদর্শন প্রসাদ সিংকে সাময়িক বরখাস্ত করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
স্বরাষ্ট্র দফতরের কারা বিভাগের জারি করা নির্দেশে জানানো হয়েছে, বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বরখাস্ত রাখা হবে। তদন্ত চলাকালীন তাঁর সদর দপ্তর হিসেবে মুজাফ্ফরপুরের খুদিরাম বসু কেন্দ্রীয় কারাগার নির্ধারণ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুন জেলের একটি ওয়ার্ডে তল্লাশি চালিয়ে বন্দি রমেশ যাদব ওরফে সুমন যাদবের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। জেল সুপার ওই ঘটনার পর এফআইআর দায়েরের নির্দেশ দিলেও, ডেপুটি সুপার তা করেননি বলে অভিযোগ। বিষয়টিকে গুরুতর কর্তব্যে অবহেলা হিসেবে বিবেচনা করেছে কারা বিভাগ।
এছাড়াও, যথাযথ অনুমতি ও নিরাপত্তা বিধি অনুসরণ না করে নিজের দপ্তরে বন্দিদের সঙ্গে আত্মীয়-স্বজন ও বাইরের লোকজনের সাক্ষাতের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, একাধিক দর্শনার্থীকে নিরাপত্তা তল্লাশি ছাড়াই প্রবেশ করতে দেওয়া হয় এবং তাঁদের নাম দর্শনার্থী নিবন্ধন খাতায় নথিভুক্ত করা হয়নি।
বিভাগীয় প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেলের নিরাপত্তা বিধি কার্যকর করতে গেলে তিনি কারারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং অশালীন ভাষা ব্যবহার করতেন। এছাড়া, বিনা কারণে বন্দিদের শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, সব অভিযোগের পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তসহ আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।



















