নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিলোনিয়ায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী। শনিবার বেলা ১২টায় বিলোনিয়ার পুরাতন টাউন হলে দক্ষিণ জেলা ভিত্তিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ জেলা পরিষদ, বিলোনিয়া পুরপরিষদ ও শিক্ষা দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে চারাগাছে জল সিঞ্চন এবং বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত অতিথিরা। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে বিদ্যাসাগরের কৃতিত্ব ও অবদান স্মরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা মনোজ দেববর্মা। তিনি বলেন, “বাংলা ভাষা ও সংস্কৃতির শ্রেষ্ঠ উত্তরাধিকার বিদ্যাসাগর। তিনি কেবল বাংলা ভাষার সাধকই ছিলেন না, ছিলেন যুগপ্রবর্তক সমাজসংস্কারক।” অনাথ শিশুদের আশ্রয়দান, নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহের আন্দোলন এবং বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদানের কথা তুলে ধরেন তিনি।
আলোচনায় উপস্থিত অতিথিরা বিদ্যাসাগরের বহুমুখী অবদান ও সমাজ সংস্কারে তাঁর ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, ভাইস চেয়ারম্যান শিখা নাথ, পুরপরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল দাস এবং কাউন্সিলররা।
অনুষ্ঠানে ‘বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা’ প্রদান করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল দাসকে। পাশাপাশি উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানে আলোচিত বিষয়ের উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

















