আগরতলা, ১ জুন: রবিবার ছিল বাঙালি পরিবারের এক বিশেষ উৎসব জামাইষষ্ঠী। প্রতিবছর এই দিনে রাজধানী আগরতলার বাজার ও মিষ্টির দোকানগুলিতে জমজমাট ভিড় লক্ষ করা গেলেও এ বছর চিত্র ছিল একেবারেই ভিন্ন। টানা বৃষ্টিপাত ও প্লাবন পরিস্থিতির জেরে জামাইষষ্ঠীর উৎসবেও পড়েছে ভাটা।
রাজধানীর নামী মিষ্টির দোকানগুলিতে গ্রাহকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো কম। দোকানদাররা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও তাঁরা জামাইষষ্ঠী উপলক্ষে বিশেষ মিষ্টি প্রস্তুত করলেও তেমন বিক্রি হয়নি। প্রবল বৃষ্টির কারণে বহু মানুষই বাইরে বের হননি, ফলে মিষ্টির চাহিদা তলানিতে ঠেকেছে।
একই চিত্র ধরা পড়েছে মাছ ও মাংসের বাজারেও। জামাইষষ্ঠী উপলক্ষে বিশেষত মাছের বাজারে যে ভিড় দেখা যায়, তা এ বছর কার্যত অনুপস্থিত ছিল। বিক্রেতারা জানান, গত বছর যেখানে দিনে অন্তত কয়েক হাজার টাকার বিক্রি হত, এবার তা কয়েকশো টাকাতেই আটকে গিয়েছে।
বাজার ব্যবসায়ীদের কথায়, “বছরের এই দিনটির জন্য আমরা অনেক প্রস্তুতি নিই। কিন্তু এবার বৃষ্টির কারণে মানুষ বাজারমুখীই হয়নি। জামাইষষ্ঠীর মতো দিনে এমন বেচাকেনা না থাকলে, ব্যবসা চালানোই কষ্টকর হয়ে যায়।”
বন্যা ও দুর্যোগের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় উৎসবের আনন্দেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকেই। ব্যবসায়ীরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণ বা বিশেষ সহায়তা পাওয়ার দাবিও তুলেছেন।
প্রসঙ্গত, ত্রিপুরার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে এবং বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ যেমন বিপাকে পড়েছেন, তেমনই প্রভাব পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপরও।

জামাইষষ্ঠীতেও নেই উৎসবের আমেজ, বৃষ্টির জেরে মিষ্টি ও বাজারে বেচাকেনায় ধস
Releated Posts
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:আগামী ১ জুলাই থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা…
বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ
বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর…
দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…
এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব
আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…


















