আগরতলা, ২ ফেব্রুয়ারি : তিথি অনুযায়ী এবছর রবি ও সোমবার বাগদেবী সরস্বতীর পূজা হচ্ছে। তাই এখনও চলছে পূজার কেনাকাটা। আবার কিছু ক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে, ঘরে ঘরে পূজার্চনা চলছে মা সরস্বতীর। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেককে পুজো উদযাপনে নিরুৎসাহিত করে দিয়েছে, ফলে ব্যবসায়ীদের মাথায় হাত।
মাঘ মাসের পঞ্চমী তিথিতেই মূলত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। আজ বেলা ১২:২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯:৫৯ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। ফলে দুদিনই গৃহস্থের বাড়িতে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। তবে বাজারে গিয়ে যা হাল দেখা গেল ব্যবসায়ীদের মাথায় হাত।
বিভিন্ন বাজারের বিক্রেতারা জানিয়েছেন, এবার ক্রেতাদের সংখ্যা খুবই কম। ফলে বেঁচাকেনা খুব একটা ভালো নয়। একই অবস্থা মৃৎশিল্পীদেরও। ফলে হতাশায় আছেন তারা।
এদিকে ক্রেতারাও জানিয়েছেন, মূল্যবৃদ্ধির ফলে অনেকেই সরস্বতী পূজা করতে চান না।
এদিকে, আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে পূজিতা হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী। পুজোতে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেল অঢেল আনন্দ আর উন্মাদনা। হলুদ রঙের পোশাক পরে পূজোর আনন্দ উপভোগ করতে অনেকেই দেখা যাচ্ছে।



















