News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকারও রাজ্যের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে। এই লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আগরতলার টাউন হলে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজতর করার লক্ষ্যে সিএম-সাথ (CM SATH) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সফল হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের তাদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সিএম-সাথ প্রকল্পটি চালু করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হল শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করা এবং প্রকৃত অর্থে তার বাস্তবায়ন নিশ্চিত করা, গুণগত শিক্ষা ও শিক্ষন প্রক্রিয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিশ্চিত করা, অবহেলিত, দরিদ্র, জনজাতি, মহিলা ও সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নে কাজ করা, যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপ, ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা এবং রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় শিক্ষানীতি ও সংশ্লিষ্ট নির্দেশিকা বাস্তবায়ন করা।

উল্লেখ্য, এই প্রকল্পে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী ১০০ জন শিক্ষার্থীকে ২ বছরের জন্য ৫ হাজার টাকা করে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফলের মেধাক্রম অনুসারে ১০০ জন শিক্ষার্থীকে ৩ বছরের জন্য মাসিক ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পে ব্লকস্তরে ১৫২ জন, নগর পঞ্চায়েত স্তরে ১২ জন, পুর পরিষদ স্তরে ২৬ জন এবং আগরতলা পুর নিগম স্তরে ১০ জন করে মোট ২০০ জন সুবিধাভোগীকে নির্বাচন করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতিটি জেলার জেলা শিক্ষা আধিকারিকের মাধ্যমে এই ২০০ জন সুবিধাভোগীকে নির্বাচন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি বৃত্তিমূলক প্রকল্প, যা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

আর্থিক অভাবে কোন শিক্ষার্থীর পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যেই এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য প্রথম বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা, দ্বিতীয় বছরে ২ কোটি ৪০ লক্ষ টাকা এবং তৃতীয় বছর থেকে ৩ কোটি টাকা করে ব্যয় করা হবে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে এবং তা কার্যকরও করছে। দশম শ্রেণী পাশ ৩০ জন সেরা ছাত্রছাত্রীকে নটি, জেইই ইত্যাদির পরীক্ষার জন্য উন্নতমানের কোচিং নিতে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সুপার-৩০’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের জন্য প্রতিবছর ৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় করা হচ্ছে। তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে ‘ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এগজামিনেশন’ এবং ‘ম্যাথ ট্যালেন্ট সার্চ এগজামিনেশন’ চালু করা হয়েছে। তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীদের মধ্যে মৌলিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিপুন ত্রিপুরা’ প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্যে ২০২২ সালে ‘বিদ্যাজ্যোতি প্রকল্প’ চালু করা হয়। রাজ্যে এখন পর্যন্ত ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। নবম শ্রেণী উত্তীর্ণ প্রায় ১ লক্ষ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়াও শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পের সাফল্যের তথ্য মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরেন।

অনুষ্ঠানে মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা বলেন, মেধাবী ছাত্রছাত্রীদের যাতে আর্থিক অভাবে পড়াশোনায় বাধাপ্রাপ্ত না হয় সেই লক্ষ্য নিয়ে শিক্ষা দপ্তর সিএম-সাথ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছিল যা আজ থেকে চালু করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ২০০ জন শিক্ষার্থীকে তাদের উচ্চশিক্ষার জন্য এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন এসসিইআরটি’র অধিকর্তা এল ডার্লং। অনুষ্ঠানে মঞ্চে ৮টি জেলা থেকে ২ জন করে শিক্ষার্থীকে এই প্রকল্পের অর্ধরাশির প্রতীকি চেক তুলে দেওয়া হয়। মুখ্যম্যন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা তাদের হাতে এই চেক তুলে দেন।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top