করিমগঞ্জ (অসম), ৪ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জে দলীয় কৰ্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার, বিশাল মিছিল করে এসে জেলা নির্বাচনী আধিকারিক মৃদুলকুমার যাদবের কাছে মনোনয়ন পত্র দাখিল করছেন সাত নম্বর করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্ৰেস প্ৰাৰ্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী।
এদিন বেলা একটায় মনোনয়ন পত্র পেশ করেছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। তাঁর সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুরে কানিশাইল থেকে বাদ্যযন্ত্র সহযোগে হুড খোলা মাহিন্দ্র থারে দাঁড়িয়ে বিশাল কর্মী-সমর্থককে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হাফিজ রশিদ আহমদ চৌধুরী আসেন জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে। তার পর মাহিন্দ্র থার থেকে নেমে দলের প্রাক্তন ও বর্তমান জেলা সভাপতি যথাক্রমে সতু রায় ও রজত চক্রবর্তী সহ চারজনকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার মৃদুল যাদবের হাতে তাঁর মনোনয়নপত্র তুলে দেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী।



















