নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ শেষ হওয়ার একদিন আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেও, সমাজের স্বার্থে তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানালেন নকভি। বৃহস্পতিবার সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন, “রাজ্যসভায় আমার মেয়াদ শেষ হয়েছে, সেটা আমি জানি। কিন্তু আমার রাজনৈতিক ও সামাজিক মেয়াদ এখনও শেষ হয়নি। আমি সমাজের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব।”
প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ শেষ হওয়ার একদিন আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি এবং ইস্পাত মন্ত্রী আর সি পি সিং বুধবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে এই দুই মন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসা করেন। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে সংখ্যালঘু বিষয়ক এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ইস্পাত দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।



















